
নরসিংদী জেলার বেলাব উপজেলার আড়িয়ালখাঁ নদে গোসল করতে নেমে মোঃ তামিম মিয়া(১২) নামে এক শিশু গতকাল বৃহস্পতিবার নিখোঁজ হয়েছিল।
আজ (১০ অক্টোবর) শুক্রবার সকালে উপজেলার চর-বেলাব ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আড়িয়ালখাঁ নদ হতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ মোঃ তামিম মিয়া বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গাঙ্গুলপাড়া গ্রামের মোঃ মাসুদ মিয়ার ছেলে। সে চর-বেলাব দারুল উলুম মইনুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। তামিমের স্বজনরা জানান, ৯ অক্টোবর দুপুর একটার দিকে বন্ধুদের সাথে চর-বেলাব ব্রীজ ঘাট ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আড়িয়াল খাঁন নদে গোসল করতে নামে তামিম। সাঁতার না জানায় এবং স্রোত বেশি থাকায় সে পানিতে ভেসে তলিয়ে যায়।দীর্ঘক্ষণ তাকে ভাসতে না দেখে তার সাথে থাকা বন্ধুরা আশেপাশের লোকজনকে ডাকতে থাকে। তারা এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে খবর পেয়ে বেলাবরের ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। কয়েকঘন্টা চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে যৌথভাবে অভিযান পরিচালনা করে থাকে। সে অভিযান চলে গতকাল বৃহস্পতিবার রাত ৯ টা পর্যন্ত। পরে নিহতের মরদেহের খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
এদিকে পরের দিন (১০ অক্টোবর) শুক্রবার সকাল ৮ টা থেকে আবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বেলা ১২ টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। বেলাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মোজাম্মেল হক জানান,খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি। পরবর্তীতে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়, কয়েক ঘণ্টা অভিযান পরিচালনা করা হলেও শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়, বহু চেষ্টা করে আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন,কালকে আমি ভূমি অফিস পরিদর্শন করে যাওয়ার পথে দেখলাম আড়িয়াল খাঁ নদে তামিম নামে এক শিশু গোসল করতে নেমে নিখোঁজ। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও এলাকাবাসীর সহযোগিতায় আজকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক: আফরোজা সুলতানা মিনা
সহ-সম্পাদক: ঐশী আক্তার
বার্তা সম্পাদক: জাহিদ মোল্লা
সহ বার্তা সম্পাদক: ইরিনা ইসলাম ইভা