
” ‘মিকাত’ পবিত্র মক্কা নগরীর পবিত্রতা ও অনন্যতার এক উজ্জ্বল প্রতিক”
ইসলামের ইতিহাসে ও মুসলিমদের অন্তরে পবিত্র মক্কা নগরী এক অনন্য মর্যাদার অধিকারী। এই নগরীর পবিত্রতা ও মাহাত্ম্য শুধু কাবাঘরকে কেন্দ্র করে নয়; বরং তার চারপাশে গড়ে ওঠা বিশেষ বিধান, সীমারেখা ও আচারসমূহের মাধ্যমেও তা প্রকাশিত হয়। এসবের মধ্যে ‘মিকাত’ অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রতীক। যা মক্কার স্বাতন্ত্র্য ও পবিত্রতার সুস্পষ্ট ঘোষণা বহন করে।
‘মিকাত’ শব্দের অর্থ নির্ধারিত সময় বা সীমা। ইসলামী শরিয়াতে মিকাত বলতে বোঝায় সেই নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা, যার ভেতরে প্রবেশের পূর্বে হজ্জ বা উমরার নিয়তে আগত মুসলমানদের ‘ইহরাম’ বাঁধা ফরয। এই বিধান কেবল একটি আনুষ্ঠানিক প্রস্তুতি নয়; বরং এটি এক গভীর আত্মিক রূপান্তরের সূচনা। ‘মিকাত’ মক্কাকে একটি সাধারণ নগরী থেকে আলাদা করে অনন্য মর্যাদা দেয়। পৃথিবীর আর কোনো শহরের ক্ষেত্রে এমন বাধ্যতামূলক আধ্যাত্মিক প্রস্তুতির সীমারেখা নেই। ‘মিকাত’ ঘোষণা করে যে, এর ভেতরে প্রবেশ মানেই সাধারণ জীবনাচার থেকে বেরিয়ে এসে এক বিশেষ পবিত্র অবস্থায় প্রবেশ করা। এভাবে মিকাত মক্কার পবিত্রতার ‘দৃশ্যমান সীমানা’ হিসেবে কাজ করে।’মিকাতে’ ইহরাম বাঁধার মাধ্যমে ধনী–গরিব, শাসক–শাসিত, জাতি–ভাষার সব ভেদাভেদ বিলুপ্ত হয়। সেলাইবিহীন সাদা কাপড়ে সবাই সমান। এই সমতা মক্কার অনন্যতার আরেকটি দিক—এটি এমন এক নগরী, যেখানে মানুষ তার পার্থিব পরিচয় ঝেড়ে ফেলে কেবল বান্দা হিসেবে উপস্থিত হয়। ‘মিকাত’ মুসলমানকে শারীরিক যাত্রার আগে মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করে। নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকার নির্দেশ মানুষকে সংযম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। ফলে মক্কায় প্রবেশ শুধু ভৌগোলিক স্থানান্তর নয়; এটি এক নৈতিক ও আত্মিক উত্তরণের নাম। ‘মিকাত’ পবিত্র মক্কা নগরীতে মানবসমতার ঘোষণা দেয় এবং ইবাদতের পূর্বে আত্মশুদ্ধির অনুশীলন করায়। যেখানে দাঁড়িয়ে মানুষ নিজেকে নতুন করে প্রস্তুত করে আল্লাহর ঘরে প্রবেশের জন্য।
মিকাত ইসলামে বিধিবদ্ধ আনুগত্যের একটি বাস্তব উদাহরণ। নির্দিষ্ট সীমানা অতিক্রমের আগে নির্দিষ্ট নিয়ম পালন করার বাধ্যবাধকতা মুসলমানদের শিখিয়ে দেয় যে, ইবাদত আবেগনির্ভর নয়; বরং শরিয়তনির্ধারিত নিয়মের প্রতি আনুগত্যের মাধ্যমেই তা পূর্ণতা লাভ করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলমানরা যখন নিজ নিজ মিকাত থেকে ইহরাম ধারণ করে, তখন জাতি, ভাষা, বর্ণ ও সামাজিক অবস্থানের পার্থক্য বিলুপ্ত হয়ে যায়। সকলেই একই লক্ষ্য ও একই বিধানের অধীনে সমবেত হয়। এই ঐক্য মক্কা নগরীর বৈশ্বিক তাৎপর্যকে আরও সুদৃঢ় করে।
মিকাতের সংখ্যা:
রাসূলুল্লাহ সা. বিভিন্ন দিক থেকে আগত মুসলমানদের জন্য পৃথক পৃথক মিকাত নির্ধারণ করেছেন। এর মাধ্যমে ইবাদতের ক্ষেত্রে শৃঙ্খলা ও সমতা নিশ্চিত করা হয়েছে।
ফিকাহবিদগণ মিকাতকে দুই ভাগে বিভক্ত করেছেন—
1.মিকাতে যামানী (সময়গত মিকাত): হজের নির্দিষ্ট মাসসমূহ।
2.মিকাতে মাকানী (স্থানগত মিকাত): নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা। স্থানগত মিকাত সম্পর্কে হাদীসে বর্ণিত আছে:
“এগুলো (মিকাতসমূহ) সেসব অঞ্চলের অধিবাসীদের জন্য এবং যারা সেখান দিয়ে অতিক্রম করে তাদের জন্য—যারা হজ ও ওমরাহর ইচ্ছা পোষণ করে।”
(সহীহ আল-বুখারী, হাদীস: ১৫২৪)
মিকাত অতিক্রম মানেই দুনিয়াবি পরিচয় থেকে আখিরাতমুখী পরিচয়ে প্রবেশ। এটি মক্কার আধ্যাত্মিক কেন্দ্রিকতার একটি গভীর প্রতীক।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীর চতুর্দিকে পাঁচটি স্থানকে মিকাত হিসেবে ঘোষণা করেছেন। সেগুলো হল:
১) জুল হুলাইফা: ‘আবিয়ার আলী’ নামে বর্তমানে পরিচিত। এর অবস্থান মদিনা শরীফের নিকটে। মদিনা থেকে ৯-১২ কিমি দূরে। এটি মদিনা দিক থেকে আগত হাজীদের জন্য মিকাত।
মক্কা থেকে এর দূরত্ব প্রায় ৪৩০ কিমি। এটিই মক্কা থেকে সবচেয়ে দূরের মিকাত।
২) যোহফা: বর্তমানে রাবেগ নামে পরিচিত। এর অবস্থান রাবেগ এলাকার কাছে। সিরিয়া, মিশর ও পশ্চিম দিক থেকে আগত হাজীদের জন্য এটি মিকাত। মক্কা নগরী থেকে এর দূরত্ব ১৮০ থেকে ১৯০ কিলোমিটার।
৩) কারনুল মানাযেল: সাইলুল কাবীর নামে বর্তমানে পরিচিত। এটির অবস্থান তায়েফের নিকটে। নজদ অঞ্চল ও পূর্ব দিক থেকে আগতদের জন্য এটি মিকাত। মক্কা শহর থেকে এর দূরত্ব ৭৫ থেকে ৮০ কিলোমিটার।
৪) ইয়ালমলম: মক্কার দক্ষিণের একটি উপত্যকা। যার অবস্থান ইয়েমেনের দিকে। ইয়েমেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আগতদের জন্য এটি মিকাত। বাংলাদেশীদের জন্যও। মক্কা থেকে এর দূরত্ব ৯০ থেকে ১০০ কিলোমিটার।
৫) জাতু ইরক: এটি ইরাকের দিকে অবস্থিত। ইরাক ও উত্তর-পূর্ব দিক থেকে আগত হাজীদের জন্য মিকাত। মক্কা থেকে এর দূরত্ব প্রায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।
মিকাতের বিধান:
*যে ব্যক্তি মিকাতের বাহির থেকে হজ্জ বা উমরার নিয়তে মক্কায় প্রবেশ করবেন, তাকে মিকাত অতিক্রমের পূর্বেই ইহরাম বাঁধতে হবে।
* বিমানযোগে গেলে, মিকাত অতিক্রমের আগেই (সাধারণত ফ্লাইটে ঘোষণা অনুযায়ী) ইহরাম পরিধান ও নিয়ত করতে হয়।
* মক্কার অভ্যন্তরে বসবাসকারীরা উমরার জন্য হারাম এলাকার বাইরে গিয়ে ইহরাম বাঁধবেন (যেমন: তানঈম)।
মিকাত ও হারাম এলাকার মধ্যে একটি ধারাবাহিক পবিত্রতার স্তর রয়েছে—
* মিকাত: প্রস্তুতির স্তর।
* হারাম সীমা: নিষেধাজ্ঞার স্তর।
* কা‘বা: সর্বোচ্চ পবিত্রতার কেন্দ্র।
সুতরাং মিকাত ব্যবস্থা পবিত্র মক্কা নগরীর পবিত্রতা ও অনন্যতার এক সুস্পষ্ট ও কার্যকর প্রতীক। এটি কেবল একটি ভৌগোলিক সীমা নয়; বরং আত্মিক শুদ্ধতা, শালীনতা, আনুগত্য ও আল্লাহভীতির প্রশিক্ষণ কেন্দ্র। মিকাতের মাধ্যমে মক্কা নগরী তার বিশেষ মর্যাদা সংরক্ষণ করেছে এবং মুসলিম উম্মাহকে যুগে যুগে আধ্যাত্মিক শৃঙ্খলার পথে পরিচালিত করে আসছে।
ড. মুহাম্মদ এনামুল হক আজাদ
সহযোগী অধ্যাপক ও হেড
ইসলামিক স্টাডিজ বিভাগ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার স্থান ও জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট 
















