
সত্য প্রকাশে বাধা দিতে বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগ,প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
মাদক ও চাঁদাবাজিবিরোধী ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই একটি স্বার্থান্বেষী ও অপরাধ সংশ্লিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে একজন সাংবাদিককে ব্যক্তিগতভাবে হেয় করা এবং অনুসন্ধানী সাংবাদিকতা থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে—এমন অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক মামুনুর রশীদ মামুন জানান, সম্প্রতি Joynal Abedin নামের একটি ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত, সম্পাদিত ও বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ভিডিওর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই; বরং বিভ্রান্তি ছড়ানো ও মানহানির সুস্পষ্ট কৌশল হিসেবে এগুলো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তার।
তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা মানেই হলো তথ্য সংগ্রহ,উৎস যাচাই, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং প্রাসঙ্গিক প্রেক্ষাপট বিশ্লেষণ। এই পেশাগত প্রক্রিয়ার কোনো একটি অংশ কৌশলে কেটে নিয়ে প্রেক্ষাপটবিহীনভাবে উপস্থাপন করা চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং এটি গণমাধ্যমের ন্যূনতম নীতিমালারও পরিপন্থী।
তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের বিকৃত ভিডিও কোনো সাংবাদিককে প্রশ্নবিদ্ধ করে না; বরং এটি প্রমাণ করে—কারা তথ্য বোঝে না,কারা সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে অজ্ঞ এবং কারা সত্যকে ভয় পায়। এই অপপ্রচারের মূল লক্ষ্য একটাই—মাদক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে চলমান অনুসন্ধানী সাংবাদিকতাকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া এবং একজন সাংবাদিককে ব্যক্তিগতভাবে টার্গেট করে ভবিষ্যতে সত্য প্রকাশের সাহস দমন করা।
সাংবাদিক মামুনুর রশীদ মামুন এই পরিকল্পিত অপপ্রচার, মানহানিকর কনটেন্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত চরিত্রহননের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী এবং ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের বিকৃত, বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “সত্যের পক্ষে থাকা কখনো অপরাধ নয়। ভয়,হুমকি,
অপপ্রচার কিংবা ষড়যন্ত্র দিয়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে থামানো যায় না। এটি কোনো একক ব্যক্তির লড়াই নয়—এটি মত প্রকাশের স্বাধীনতা,গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সংগ্রাম।” শেষে তিনি বলেন,যতদিন কলম আছে,ততদিন সত্য লেখাই একজন সাংবাদিকের দায়িত্ব।

ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার স্থান ও জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট 










