
রংপুরে জেঠার হাতে কিশোরী গর্ভবতী, খোড়াগাছ ইউনিয়নে বিক্ষোভ ও মানববন্ধন
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মাত্র বারো বছরের এক কিশোরী, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, দীর্ঘদিন ধরে তার জেঠার হাতে যৌন নির্যাতনের শিকার হয়ে বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থী, ভুক্তভোগীর পরিবার ও সাধারণ মানুষ।
আজ বিকেলে খোড়াগাছ ইউনিয়নের রোকনীগঞ্জ দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুরু থেকেই মাদ্রাসার সামনের সড়ক শত শত মানুষে ভরে যায়। বক্তারা এই নৃশংস ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে কিশোরীকে নির্যাতন করে এসেছে। তারা অভিযোগ করেন, ঘটনাটি প্রকাশ হওয়ার পরও অভিযুক্তকে গ্রেপ্তারে বিলম্বে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় শিক্ষকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ধরনের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এলাকাবাসী জানান, তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় মিঠাপুকুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









